তোমায় অনেক কথা বলার আছে
- রাসেল রুশো - গোপন প্রেম

তোমায় আমার অনেক কথা বলার আছে,
অনেক কথা,বুকের ভেতর তেষ্টা ভীষণ,
এক সমুদ্র ব্যকুলতা, বলার আছে।
বলার আছে তোমার কাছে একটু যাব,
একটু পাব বুকের ভেতর,সবটা ডুবে,
কী নিশ্চুপে, তোমায় ছোঁব।
বৃষ্টি পড়ুক, দৃষ্টি পুড়ুক, বিষাদ চোখে, অকাল শোকে,কান্না ঝরুক।
তবুও তোমায় একটু ছোঁব, একটুখানি,জলের মতন,
বরফগলা ঢলের মতন, একটু ছোঁব।
তোমায় আমার অনেক কথা বলার আছে, অনেক কথা।
 একটা নদী বুকের ভেতর খরস্রোতা, রোজ বয়ে যায়,
খোঁজ নিতে যায়, সঙ্গোপনে,
উদাম হাওয়ায় উড়িয়ে যাওয়া পাল পবনে,
অনেক কথা রোজ বলে যায়।
তোমার কাছে একটু যাব, একটু যাব,
আঙ্গুল ডগায় ভালোবাসায় তোমায় ছোঁব।
একজনমের সকল হিসেবমিটিয়ে দেব, মিটিয়ে নেব,
সবটা শুষে, নিরুদ্দেশে পাল ওড়াব, তোমায় ছুঁয়ে।
তোমায় আমার অনেক কথা বলার আছে,
অনেক কথা-এই জনমের তেষ্টা সকল মিটিয়ে নেয়ার আকুলতা,
তোমার কাছে।
তোমার কাছে তোমায় আমার অনেক কথা বলার আছে। 


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।